সাত দিনের জন্য সবাইকে ‘ঘরবন্দী’ চান অমিতাভ

আপডেট : ২৫ জুন ২০২১, ১২:১৫ পিএম

ভারতীয় ধরন ‘ডেল্টা’র কারণে সারা দেশে করোনার বাড়বাড়ন্ত অবস্থা। ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের চলাচল। অনেক জেলায় পালন হচ্ছে ‘কঠোর বিধি-নিষেধ’। তা সত্ত্বেও বেড়েই চলেছে সংক্রমণ। এ পরিস্থিতিতে ‘শাটডাউন’-এর কথা বলছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এ বিষয়ে মতামত জানালেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার মতে, যেভাবেই হোক সাত দিনের জন্য সবার ঘরবন্দী হওয়া উচিত।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুকে ‘আয়নাবাজি’ নির্মাতা লেখেন, “যেভাবেই হোক, সাত দিনের জন্য হলেও সবার ঘরবন্দী হওয়া উচিত। তা না হলে আমরা সামলাতে পারবো না।”

অবশ্য সরকারের দিক থেকেও কঠোর ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেকোনো সময় সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’র ঘোষণা আসতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরামর্শক কমিটির সুপারিশকে যৌক্তিক বলেও মনে করেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে। সে জন্য দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবেও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। ঢাকার চারপাশের সাত জেলাতেও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি সরকার কিছুদিন ধরেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখন জাতীয় পরামর্শক কমিটি যে সুপারিশ করেছে, সেটি যৌক্তিক। সরকারেরও ইতিমধ্যে এই ধরনের প্রস্তুতি আছে। সরকারও কঠোর বিধিনিষেধের চিন্তা-ভাবনা করছে। যেকোনো সময় সরকার তা ঘোষণা দেবে।

বৃহস্পতিবার করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে শাট ডাউনের এ সুপারিশ করা হয়।

শাট ডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে বলে পরামর্শক কমিটি জানায়।

এ দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভ রেজা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। শিগগিরই একটি আন্তর্জাতিক উৎসবে ছবিটির প্রিমিয়ার হবে। এ ছাড়া সপ্তাহখানেক আগে ঘোষিত ২০২০-২১ অর্থবছরে তার পরিচালনায় নির্মিতব্য ‘পেন্সিলে আঁকা পরী’ অনুদান পেয়েছে। সিনেমাটি হ‌ুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত