বেনাপোলে কিডনি পাচারকারী চক্রের সদস্য আটক, উদ্ধার ১

আপডেট : ২৫ জুন ২০২১, ১১:২৬ পিএম

কিডনি বিক্রির উদ্দেশ্যে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এক যুবককে উদ্ধার করেছে বিজিবি। আন্তর্জাতিক কিডনি পাচারকারী দলের সদস্য আনিছুর রহমানকে (২৫) হাতেনাতে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইউনুস আলীকে (২৬) ৩ লাখ ৭০ হাজার টাকার কাজের চুক্তিতে ভারত পাঠানোর জন্য বেনাপোল দিয়ে পাচার করা হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে নিয়ে যাওয়ার সময় নো ম্যান্স ল্যান্ডে কর্তব্যরত বিজিবির এক সদস্যকে দেখে পা জড়িয়ে ধরে তিনি কান্নাকাটি করেন। বিজিবি সদস্যরা এ সময় পাচারকারীকে আটক করেন। গতকাল শুক্রবার সকালে দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ইউনুস আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ঢুকুরিয়াবেড়া গ্রামে। আর পাচারকারী আনিছুর রহমান গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ইউনুস আলী বলেন, ভারতে যেতে রাজি না হওয়ায় গত বুধবার ঢাকায় একটি হোটেলে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে ঢাকা থেকে বিমানে করে যশোর আনে। যশোর থেকে প্রাইভেট কারে করে বেনাপোল নিয়ে এলে আমি বিজিবিকে দেখে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে ঘটনা খুলে বলি। বিজিবি পরে পাচারকারী আনিছুরকে আটক করে।’ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, পাচার হওয়া যাত্রীর কথা শুনে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কিডনি পাচারকারীকে আটক করেছে। ভুক্তভোগীসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত