ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অফিসের আসবাব ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২৯ জুন ২০২১, ০২:৫৭ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ঠিকভাবে কাজ না করেই হতদরিদ্রদের কাজের (ইজপিপি) টাকা উত্তোলনের ফাইলে জোরপূর্বক স্বাক্ষর নিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।

গতকাল সোমবার উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর পক্ষ থেকে এমন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান।

মোহাম্মদ আলী তার অভিযোগে জানান, গত রবিবার মদ্যপ অবস্থায় মাঘান-শিয়াধার ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক অফিসে ঢুকে ইজপিপির কাজের ফাইলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দেন। কিন্তু প্রকল্পের কাজ ঠিকমতো করা না হওয়ায় ফাইলে স্বাক্ষর দিতে তিনি অসম্মতি জানান। পরে চেয়ারম্যান অফিসের চেয়ার ভাঙচুর করেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পুরো মিথ্যা ও বানোয়াট। আমি ছিলামই না।

ইউএনও আরিফুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। চেয়ারম্যান ও পাট কর্মকর্তাকে এ বিষয়ে আলোচনার জন্য আসতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত