করোনা: রামেক হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৫ মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:২৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালে আগেরদিন ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ১৬ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ১০ জন নারী এবং ১৫ জন পুরুষ।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার  ১ জন। এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন। 

এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ১৬৩ জন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে ১১ জনই ষাটোর্ধ্ব।  ৫ জন পঞ্চাশোর্ধ্ব। বাকিদের বয়স পঞ্চাশের নিচে।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতাল ল্যাবে ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ এসেছে ২০৭ জনের।

রাজশাহী জেলার ৪৫৫ নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাগঞ্জের ১৩৭ নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৩ জনের। আর নওগাঁর ৪২ জনের নমুনার ১৬টিতে করোনাভাইরাস পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত