ইউএনডিপিতে দেশের প্রথম কান্ট্রি ইকোনমিস্ট হচ্ছেন নাজনীন আহমেদ

আপডেট : ৩০ জুন ২০২১, ১০:১৮ পিএম

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিচ্ছেন । বৃহস্পতিবার থেকে তিনি ইউএনডিপি ঢাকা কার্যালয়ে যোগদান করবেন। এক বছরের জন্য তার লিয়েন (বৈদেশিক চাকরি) মঞ্জুর করেছে সরকার।

প্রথম ধাপে নাজনীন আহমেদ ইউএনডিপিতে এক বছর দায়িত্ব পালন করবেন। এই সময় তিনি সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না।

ইউএনডিপিতে এই প্রথম কান্ট্রি ইকোনমিস্ট পদ সৃষ্টি করা হলো। বাংলাদেশে এখন বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) এই পদ আছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যেসব কার্যক্রম নেওয়া হবে, সেখানে পরামর্শ দেবেন নাজনীন। ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে নীতি ও কৌশলগত পরামর্শ দেবেন তিনি। একই সঙ্গে আঞ্চলিক কাজেও সহযোগিতা করবেন।

গবেষণায় নাজনীন আহমেদের অভিজ্ঞতা ২৪ বছরের। বিআইডিএসের গবেষক হিসেবে সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, শিল্প খাত, আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, জেন্ডার—এসব বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন ড. নাজনীন। তিনি সরকারের পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি সক্রিয় অংশ নিয়েছেন। তিনি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের সদস্য ছিলেন। নাজনীন আহমেদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন ও এনজিও ফাউন্ডেশনেরও সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত