রাজধানীতে সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২১, ০২:৩৭ এএম

রাজধানীর ইসলামবাগ আলিরঘাট এলাকায় সড়কের পাশে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারুফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত পৌনে ১০টার দিকে আলিরঘাট বেরিবাধে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আরো চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ দুই জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং অন্যদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, রাতে বৃষ্টির সময় আলিরঘাট বেরিবাধের উপর রাস্তার পাশে বিদ্যুতের তার ছিঁড়ে একটি ট্রাক ও বাইসাইকেলের উপর পড়ে । এতে মোট ৫ জন দগ্ধ ও আহত হয়। তাদেরকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দগ্ধ ৩ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়।

নিহত মারুফের খালাতো ভাই কাউসার আহমেদ জানান, তারা কামরাঙ্গীরচর খলিফাঘাটে থাকেন। মারুফ ও মারুফের মামা মো. সারোয়ার (২৪) বাইসাইকেল নিয়ে বেরিবাধ দিয়ে যাওয়ার পথে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।

খবর পেয়ে তাদেরকে মিটফোর্ড হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে মারুফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারুফের বাবার নাম আমির হোসেন।

এই ঘটনায় বার্ন ইনস্টিটউটে ভর্তি একজন ও মিটফোর্ডে ভর্তি ২ জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মিটফোর্ডে ভর্তি দুই জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এই ঘটনায় একটি কুকুরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত