চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজ বাসা থেকে নূরুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্ত্রী কামরুন্নাহারকে (৫৮) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি পৌরসভার নাওরা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নূরুল আমিন লাকসাম উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং তার স্ত্রী কামরুন্নাহার বরুরা উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেছিলেন।
তাদের মো. জাকারিয়া বাবুল নামের এক ছেলে এবং এনি, মিলি ও লুনা নামের তিনজন মেয়ে রয়েছে।
নিহতের মেজ মেয়ে মিলি বলেন, আমি গতকাল রাত ৮টার দিকে আমার বাবা-মায়ের সাথে মোবাইলে কথা বলি। তারপর থেকে তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আমার ভাই প্রতিবেশীদের খোঁজ নিতে বলতে তারা গিয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে। পরে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, সকালে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ। বাসার ছাদ থেকে বৃদ্ধ নুরুল আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
ঘরের ভেতর থেকে তার স্ত্রী কামরুন্নাহারকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তারও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।
পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি গত দুইদিন আগে সংঘটিত হয়েছে। তবে ঘর থেকে চুরি হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
