সাত দিনের কঠোর ‘লকডাউনের’ প্রথম দিন গতকাল বৃহস্পতিবার পণ্যবাহী গাড়ি ও জরুরি দু-একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস ছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ছিল না কোনো পরিবহন ও ব্যক্তিগত গাড়ি। তবে জরুরি প্রয়োজনে ফেরিতে করে দু-একজন যাত্রীকে ঘাট পার হতে দেখা গেছে।
গতকাল সরেজমিন সকাল ৯টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, গোয়ালন্দ ঘাট থানার কয়েকজন পুলিশ সদস্য মোটরসাইকেলে করে টহল দিচ্ছেন। মাস্ক ছাড়া কিছু লোকজনকে ঘোরাফেরা করতে দেখে তাদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, গতকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ফেরিতে পণ্যবাহী ও জরুরি গাড়ি পারাপার চালু রেখেছি। এ দুই নৌরুটে ১৩টি ফেরি চালু আছে।
