সাত সকালে গ্রামের রাস্তায় কুমির দেখার পর ‘ভয়ে সারাবেলা কেটেছে’ ভারতের কর্ণাটকের কোগিলবান গ্রামের মানুষদের।
গলি বেয়ে কুমিরের হামাগুড়ি দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন কেউ। সেটি নেটে আসতেই ভাইরাল। প্রতিবেদন করেছে বিবিসিও।
ভিডিওতে দেখা যাচ্ছে নির্ভয়ে গ্রামের রাস্তায় চলে বেড়াচ্ছে ওই কুমির। নিরাপদ দূরত্ব বজায় রেখে তার পিছন পিছন আসছে কৌতূহলী ভিড়।
ভিডিওটি রেকর্ড করা হয়েছে মোবাইল ক্যামেরায় কুমিরের একেবারে সামনে থেকে। কিন্তু তাতেও বিশেষ হেলদোল নেই তার। তেড়ে যাওয়ার কোনো লক্ষণও নেই। এমনকি সামনে হঠাৎ একটি রাস্তার কুকুর চলে এলেও সে দিকে ফিরে তাকায়নি কুমিরটি। বরং বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর রাস্তার এক পাশে একটু দম নিতে দু’দণ্ড বিশ্রাম নিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিল ভিডিওটি। ওই ভিডিও কয়েক ঘণ্টায় ৩৬ হাজার লাইক পেয়েছে। দেখেছেন কয়েক লাখ ব্যবহারকারী।
কুমিরটিকে পরে উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। কর্ণাটকের দান্দেলির ডেপুটি রেঞ্জ অফিসার রামু গৌড়া জানিয়েছেন, গ্রামটির কাছেই কালি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে কুমিরটিকে।
তার ধারণা, ওই নদী থেকেই উঠে এসেছিল কুমিরটি।
ওই নদীতে কুমির থাকলেও তারা কখনও লোকালয়ে আসে না। ঘটনাটি ‘বিচ্ছিন্ন’ বলেই মনে করছেন কর্মকর্তারা।