করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ইউপি সদস্য পথচারীদের প্রকাশ্যে কান ধরে উঠবস করিয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া বাজারে উপজেলার হরিরামপুর ইউনিয়ন শাহপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম এ কাণ্ড করেন। তার এ কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এলাকার সচেতন নাগরিকরা।
মধ্যপাড়ার মৌলভী ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব বলেন, ‘পথচারীদের কান ধরিয়ে শফিকুল নিজের মূর্খতাকে জাহির করেছে। এজন্য তার শাস্তি হওয়া উচিত।’
ভুক্তভোগী স্থানীয় পত্রিকা বিক্রেতা আবদুল মোন্নাফ আলী বলেন, ‘মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল ও আনন্দ বাজারের সবাই আমাকে একযুগ ধরে চেনে। পকেটে মাস্ক রয়েছে বলার পরও শফিকুল মেম্বার সবার সামনে আমাকে অপদস্থ করেন। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমি শুধু তাদের মাস্ক পরার জন্য বলেছি। কিন্তু পত্রিকা বিক্রেতা ও পথচারীরা ভুল স্বীকার করে নিজেই নিজের কান ধরে উঠবস করেন।’
