সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য রুচিহীন ও কল্পকাহিনী ছাড়া কিছু নয়: মির্জা ফখরুল

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০৫:৪৮ পিএম

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও রাজনৈতিক শালীনতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা রুচিহীন ও কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উত্তরার নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ নেতা তার মনগড়া কল্পকাহিনীর মধ্য দিয়ে একজন মহান মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং জনগণের আস্থাভাজন প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। এই ধরনের বক্তব্য সংসদ নেতার কাছ থেকে জাতি আশা করে না। এটা সমস্ত জাতিকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, সংসদ নেতার এই ধরনের মন্তব্য খারাপ নজির স্থাপন করেছে’।

তিনি বলেন, ‘জাতীয় স্থায়ী কমিটির সভায় সংসদে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ, শালীনতা বিবর্জিত বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। সভা মনে করে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ একই ধরনের মামলায় অন্যান্য প্রায় সকল অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে’।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকারি যে নির্দেশ কিংবা যে আইনের বলে খালেদা জিয়াকে মুক্ত করেছেন একই নির্দেশে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে সরকার। আসলে সরকার নিজেদের ক্ষমতা নিজেরাই খর্ব করছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে একটা বৈরী মনোভাব প্রদর্শন করা এবং তার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে এই ব্যবস্থাটা তারা করেছেন।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় ব্যর্থতার জন্য এই অযোগ্য সরকারের অযোগ্যতা, দুর্নীতি এবং উদাসীনতা দায়ী। প্রায় ১৫ মাস সময় নিয়েও সমস্যাগুলো সমাধান করতে না পারার ব্যর্থতা নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত