রংপুর মেডিকেলে মৃত ও অবসরপ্রাপ্ত চিকিৎসককে পদায়ন

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৮:০২ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে ৬৫ চিকিৎসকের পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পদোন্নতির তালিকায় রয়েছেন মৃত ব্যক্তি ও অবসরপ্রাপ্ত  চিকিৎসক। 

সোমবার উক্ত আদেশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসে। 

এ ঘটনার সত্যাতা স্বীকার  করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, ডা. ফেরদৌস আরা শেখ ছয় মাস আগে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি সম্ভবত স্বাস্থ্যসেবা বিভাগ জানত না। স্বাস্থ্যসেবা বিভাগের ভুলে হয়তো তালিকায় নাম এসেছে। 

এর আগে রোববার (৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 

বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়। 

পদায়ন পাওয়া ৬৫ চিকিৎসকের তালিকায় তিন নম্বরে রয়েছেন ডা. ফেরদৌস আরা শেখ। এ বছরের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ওই চিকিৎসক। তিনি রংপুর মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার স্বামী ডা. মনিরুজ্জামান একই কলেজের শিশু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। 

এ ছাড়া চার নম্বরে থাকা ডা. মমতাজ বেগম চার মাস আগে অবসরে গেছেন। তার নামও রয়েছে পদায়নের তালিকায়। তিনি শিশু বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের  সিনিয়র সহকারি সচিব শারমিন সুলতানার সঙ্গে  যোগাযোগের চেষ্টা  করা  হলেও তাকে পাওয়া  যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত