দিন দিন অবনতির দিকে যাচ্ছে টাঙ্গাইলের করোনাভাইরাস পরিস্থিতি। প্রতিটি ঘরেই কারও না কারও শরীরে রয়েছে উপসর্গ। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় নতুন করে ২৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫১ দশমিক ১০ শতাংশ।
সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, চলতি মাসের এই ৭ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৭ জন। আর মৃত্যু হয়েছে ৩১ জনের।
এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। যদিও গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আর মৃত্যু হয়েছিল ২৬ জনের।
টাঙ্গাইলে ব্যাপক হারে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশেষ করে গত কয়েকদিন ধরে গ্রামে বেড়েছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। প্রায়ই প্রতিটি পরিবারে এ রোগের লক্ষণ জ্বর- ঠান্ডা এবং কাশির দেখা দিয়েছে।
হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, বর্তমানে জেলার প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষ ডেল্টা ধরনে আক্রান্ত। এই ধরন খুব দ্রুতই একজনের কাছ থেকে আরেকজনের মাঝে ছড়ায়। যার কারণে জেলায় দ্রুতই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এখনই সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সদর উপজেলা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।
