চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের (রাডার অফিস) পাশেই দুদিন ধরে আকাশে উড়ছে একটি রহস্যজনক ড্রোন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ছিরাবটতলী গ্রামে বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের পাশের একটি বাড়িতে ড্রোনটি অবতরণ করে। তবে অবতরণের ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই অজ্ঞাত ৩ ব্যক্তি একটি মাইক্রোবাস যোগে এসে ড্রোনটি নিয়ে যায়।
বুধবার বিকেলেও বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের উত্তর পাশে ফকিরখীল খান বাড়ি এলাকায় আকাশে উড়তে দেখেছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ জানান, দুপুরে বাড়ির পুকুর পাড়ে ছেলেরা খেলতে গেলে ড্রোনটি অবতরণ করতে দেখে তারা সেটি পুকুর থেকে তুলে নেয়। কিছুক্ষণ পর মাইক্রোবাস যোগে অজ্ঞাত তিন যুবক এসে ছেলেদের কাছ থেকে ড্রোনটি নিজেদের দাবি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, বুধবার বিকেলেও বৈরাগ খান বাড়ি এলাকায় ড্রোনটি আকাশে উড়তে দেখেছে লোকজন। তবে ড্রোনের দাবিদার কাউকে চিনেননি স্থানীয়রা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,উপজেলার ছিরাবটতলী এলাকায় ড্রোন অবতরণের বিষয়ে তিনি কিছু জানেন না । তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।
