১৫ দিন নিখোঁজ জাবি ছাত্র সন্ধান চেয়ে বিক্ষোভ

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:০২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো একাত্মতা পোষণ করে অংশ নেয়।

জাহিদের পরিবারের দাবি, গত ২৪ জুন রাজধানীর মিরপুরের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি ও অভিযোগ করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাহিদের দ্রুত সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানান।

মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের যেভাবে গুম করা হতো আজ বাংলাদেশেও সেই পরিস্থিতি বিরাজ করছে। আজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে নিখোঁজ করা হয়েছে, কাল একজন শিক্ষকও নিখোঁজ হতে পারেন। তাই শিক্ষার্থীকে ফিরে পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ১৫ দিন ধরে নিখোঁজ অথচ কারও কোনো মাথাব্যথা নেই। যত দ্রুত সম্ভব নিখোঁজ জাহিদকে ফিরিয়ে দিতে হবে।’

রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন বলেন, ‘কেউ কোনো অন্যায় করে থাকলে তার বিচারের জন্য রাষ্ট্রীয় আইন রয়েছে। তবে গুম বা নিখোঁজ করার কোনো নিয়ম নেই। নাগরিকদের মনে ভীতি সৃষ্টির পাঁয়তারা হিসেবেই নিখোঁজ বা গুমের ঘটনা ঘটছে।’

ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তাসবিবুল গণি নিলয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রতœতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক বাগচী ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের রুস্তম আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত