ইংল্যান্ডের কাছে আবারও হার পাকিস্তানের

আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:০৩ এএম

পেসার হাসান আলীর তোপে ৪৭ ওভারের ম্যাচে ১০ বল আগেই ২৪৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ওই রানও তুলতে পারেনি পাকিস্তান। ১৯৫ রানে অলআউট হয়ে লর্ডসে দ্বিতীয় ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজে খুইয়েছে। ৭ নম্বরে নেমে ৪৭ বলে ৪০ রান ও বল হাতে ৪৪ রানে ৩ উইকেটের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার লুইস গ্রেগরি। করোনায় মূল দলে আইসোলেশনে যাওয়ায় বেন স্টোকসের নেতৃত্বে দ্বিতীয় সারির দলের একজন এই গ্রেগরি, যিনি কার্ডিফে প্রথম ম্যাচে অভিষিক্ত হয়েছিলেন।

হাসান ও শাহীন শাহ আফ্রিদির আঘাতে শুরুতেই যথাক্রমে ডাভিড মালান ও জ্যাক ক্রলির উইকেট হারায় ইংল্যান্ড। তবে সেখান থেকে তাদের উদ্ধার করেন সল্ট ও ভিন্স। দুজনই তুলে নেন ফিফটি। কিন্তু তাদের ৯৭ রানের জুটি ভাঙার পর মাত্র ৪২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দুইশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল থ্রি লায়ন্সরা। সেখান থেকে তাদের বাঁচিয়ে দেন গ্রেগরি ও ব্রাইডন কার্স। তাদের ৬৯ রানের জুটিতে ভর করে লড়াইয়ের পুঁজি পায় তারা। ওপেনার সল্ট ৫৪ বলে করেন ৬০ রান। ভিন্সের ৫৬ রান আসে ৫২ বলে। ইংলিশদের শেষটা মুড়িয়ে দেওয়া হাসান ৫ উইকেট নেন ৫১ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত