রওশনকে চেয়ারম্যান বিদিশাকে কো-চেয়ারম্যান করে জাপার ‘নতুন কমিটি’

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৫:৪৮ পিএম

রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। রওশন এরশাদ বর্তমানে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বুধবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এ ঘোষণা দেন এরশাদপুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও এরশাদের আরেক ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে।

এ সময় এরিক তার বক্তব্যে বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন আমার চাচা জি এম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন বিদিশা সিদ্দিক, রাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

সভা শেষে এরিক ঘোষিত নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।

এ বিষয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘সাদ আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, তাকে মিলাদের কথা বলে সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটার সঙ্গে সে নেই। আর উনি (রওশন এরশাদ) খুব অসুস্থ। যে কারণে এবার বাসায় মিলাদের (এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে) ব্যবস্থাও করেননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত