কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের ডকস–ইন–প্রোগ্রেসে ‘থিঙ্ক–ফিল্ম ইম্প্যাক্ট’ পুরস্কার পেয়েছে তাহরিমা খানের ‘মুন্নি’। নির্মাণাধীন প্রামাণ্যচিত্রটি-সহ এই বিভাগে ছয়টি প্রকল্পকে পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার রাতে পুরস্কারের ঘোষণা আসে। এতে ভার্চ্যুয়ালি যোগ দেন বাংলাদেশের তাহরিমা খান।
ছবির গল্প টাঙ্গাইলের কামরুন্নাহার মুন্নিকে নিয়ে। টাঙ্গাইল শহরের বেড়াডোমায় তিনি গড়ে তুলেছেন মোনালিসা ওমেন স্পোর্টস একাডেমি। একাধারে তিনি মেয়েদের কোচ, শিক্ষিকা আবার বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠা এক নারী। নিজেই তিনি বাল্যবিবাহের শিকার।
‘মুন্নি’ প্রযোজনা করছেন ‘জালালের গল্প’-খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন।
এ বছর ‘ডকস-ইন-প্রোগ্রেস’ বিভাগে ইন্টারন্যাশন্যাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সহযোগিতায় শোকেস সাউথ এশিয়ায় নির্বাচিত হয় চারটি প্রামাণ্যচিত্র প্রকল্প। এর মধ্যে মুন্নি ও দেবী সম্মাননা পেয়েছে।
