নারী ফুটবল লিগের টানা দ্বিতীয় শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। গতকাল ৬-০ গোলে কুমিল্লা ইউনাইটেডকে হারিয়ে ১২তম জয় তুলে নিয়েছে তারা। শুধু গাণিতিক হিসেবে কাগজে-কলমে আটকে আছে তাদের শিরোপা উদযাপন। যদি পরের দুই ম্যাচ কিংস হারে এবং আতাউর রহমান ভূঁইয়া জয় পায় তাদের শেষ দুই ম্যাচ, তবে দু’দলের পয়েন্ট হবে ৩৬। কিন্তু বসুন্ধরার (+৮৭) গোলগড়ের যে ব্যবধান, তা ঘোচানোর সম্ভাবনা নেই বললেই চলে কলেজ দলের (+৫৫)। পরের ম্যাচে বসুন্ধরা ১ পয়েন্ট পেলে সেই হিসাবের আর দরকারই হবে না।
গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরার বড় জয়ে শামসুন্নাহার জুনিয়র ২টি গোল করেন। প্রথমার্ধে পঞ্চদশ মিনিটে সাবিনার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা শামসুন্নাহার যোগ করা সময়ে করেন নিজের দ্বিতীয় গোল। মাঝের সময়ে মনিকা, তহুরা ও রিতু গোল করেন। ১২ ম্যাচের সবগুলো জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। দিনের অন্য ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ ১১-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে হারিয়ে পয়েন্ট বাড়িয়েছে ১২ ম্যাচে ৩০-এ।
