সীতাকুণ্ডে চালককে গুলি করে হত্যা করে গরু লুটের চেষ্টা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০২:১২ পিএম

সীতাকুণ্ডে গরু বহনকারী একটি ট্রাকের চালককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা।

শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের ৪নং সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আবদুর রহমান (৫০)। তিনি যশোরের চৌগাছা থানার চন্দা গ্রামের মো. বশির মিয়ার ছেলে।

চালককে হত্যার পর গরু লুটের চেষ্টা করলেও কয়েকটি গাড়ি জড়ো হতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।

সীতাকুণ্ড থানা সূত্র জানা গেছে, গরুর মালিক মো. মিলন দুটি ট্রাকে করে ১১টি গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট যাচ্ছিলেন। শুক্রবার ভোরে ট্রাক দুটি বায়েজিদ সংযোগ সড়কে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ এই ট্রাকের সামনে এসে দাঁড়ায়। তখন চালক গাড়ি দাঁড় করালে ডাকাতরা ট্রাকের জানালা দিয়ে উঠে ট্রাকের দরজা খুলতে বলে।

এ সময় ডাকাতের কবলে পড়েছেন বুঝতে পেরে চালক দরজা না খুলে ট্রাকটিকে জোরে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন এক ডাকাত চালকের মুখে গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এরপর ডাকাতরা ট্রাক থেকে গরু লুটের চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে জড়ো হতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় অন্য একটি গাড়ির চালক ৯৯৯ এ ফোন দিয়ে সীতাকুণ্ড থানাকে অবহিত করে।

পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চালকের সহকারী মো. ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক জানান, নোয়াখালী থেকে একটি পিকআপ তাদের ট্রাককে অনুসরণ করছিল। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রসিদুল হক ও সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত