হিলিতে রোহিঙ্গা সম্বোধন করায় মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা!

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৪:১৬ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে রোহিঙ্গা বলে সম্বোধন করায় ইলিয়াস হোসেন (৩৪) নামের এক মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এদিকে তার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্থানীয় কার ও মাইক্রোবাস চালক সমবায় সমিতি আগামীকাল সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডে  মারধরের ঘটনা ঘটে।

এ সময় কয়েকজন যুবক তাকে মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যান।

শনিবার সকালে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ইলিয়াস হোসেন হিলির পাইকপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। তিনি হিলি স্থলবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ইলিয়াসের সহকর্মীরা জানান, হিলির বৈগ্রাম এলাকার জনৈক আকতারুজ্জামান অবস্থা সম্পন্ন হওয়ার পরেও নিজে মাঠে-ঘাটে কাজ করায় তাকে স্থানীয় লোকজন বিভিন্ন কথা বলে উত্ত্যক্ত করতেন বা তিনিও ওইসব কথা শুনে খুব রেগে যেতেন।

অন্যদের মতো ইলিয়াসও তাকে উত্ত্যক্ত করতো। অন্যান্য দিনের মতো ঈদের পরদিন ইলিয়াস গ্রামের বাড়ি পাইকপাড়া থেকে হিলিতে আসার পথে বৈগ্রামের আক্তারুজ্জামানকে অন্যদের মতো তিনিও ইয়ার্কি করে রোহিঙ্গা বলে পেছন থেকে সম্বোধন করেন।

এতে আকতারুজ্জামান ক্ষিপ্ত  হয়ে তার সাইকেলকে তাড়া করেন, কিন্তু তাকে ধরতে পারেননি। পরে তিনি হিলিতে তার আত্মীয়স্বজনকে তাকে উত্ত্যক্ত করার বিষয়টি জানালে কয়েকজন যুবক মাইক্রোস্ট্যান্ডে গিয়ে ইলিয়াসকে মারধর করেন ও গলা ধরে তুলে থ্যাকনা দেন।

এতে ইলিয়াস হোসেন গুরুতর আহত হলে তারা চলে যান। তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠান। কিন্তু অর্থাভাবে তাকে বাইরে না নিতে পারায় পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা চালাচ্ছিলেন, সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত