নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন । শনিবার সন্ধ্যা ৭ টায় কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।
কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে ওই ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল এসব সিলিন্ডার হস্তান্তর করেন। জেলার পক্ষ থেকে সিলিন্ডারগুলো গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এ সময় জেলা প্রশাসক অক্সিজেন সিলিন্ডারদাতা এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্সিজেনের এই ১০০টি বড় সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এই সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।
সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর শ্যামল চন্দ্র বসাক ও কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালের মুখপাত্র ডা. এএনএম মিজানুর রহমানসহ প্রমুখ।
