ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে কৃষক শহীদ ফকির নিহতের ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদী হয়ে সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনকে আসামি করে বোয়ালমারী থানায় এ মামলা করেন।
জানা যায়, গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ হয়। এ সময় ধারাল অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের ফকির পাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামে এক কৃষক নিহত হন।
সোমবার (২৬ জুলাই) দুপুরে নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদী মামলায় এক নম্বর আসামি করেন পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে।
এ ছাড়া তার তিন ছেলে হারেজ মাতুব্বর, মজনু মাতুব্বর ও মাসুদ মাতুব্বরকে মামলার আসামি করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষের ২২ জনকে ফরিদপুর জেল হাজতে পাঠিয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনকে আসামি করে সোমবার দুপুরে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
