শৈলকুপা ও দীঘলিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:৫৭ এএম

ঝিনাইদহের শৈলকুপায় একজনকে এবং খুলনার দীঘলিয়ায় তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বগুড়ার শেরপুরে উদ্ধার করা হয়েছে কলেজছাত্রের লাশ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশিদুল ইসলাম উকিল মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উকিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।

স্থানীয়রা জানায়, সালিশ না হওয়ায় সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উকিল মৃধা। পথে উত্তরপাড়ায় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উকিল মৃধাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা : দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে দীঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গাজীপাড়ায় এ হত্যাকা- ঘটে। নিহত ইয়াসিন মোল্লা চন্দনীমহল গ্রামের ইউপি সদস্য আশরাফ মোল্লার ভাই।

দীঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া : শেরপুরে করতোয়া নদীর তীরবর্তী এক নার্সারি থেকে দুদিন ধরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। খলিলুর রহমান (২০) নামে ওই যুবক শেরপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি রংমিস্ত্রির কাজ করতেন। তিনি উপজেলার গাড়ীদহ মধ্যপাড়ার মৃত আজাহার আলীর ছেলে। গতকাল সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সুরতহালে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশেই তার ব্যবহৃত মোবাইল ফোন পড়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত