কোপা আমেরিকা জয়ের পর থেকেই পরিবার নিয়ে অবকাশ যাপন করছেন লিওনেল মেসি। তবে আগামী সপ্তাহেই তিনি বার্সেলোনার অনুশীলনে ফিরতে পারেন। ২ আগস্ট থেকে স্প্যানিশ জায়ান্টদের তাঁবুতে ফেরার কথা আর্জেন্টাইন তারকার।
মেসির সঙ্গে বার্সার আগের চুক্তির মেয়াদ অবশ্য শেষ হয়ে গেছে এক মাস হতে চলল। এরপর নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। যদিও দুই পক্ষই নতুন চুক্তির ব্যাপারে সম্মত বলে খবর হয়েছিল।
সেই খবর প্রকাশেরও অবশ্য দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা আসেনি। এ অবস্থায়ও বার্সা আত্মবিশ্বাসী, মেসি ক্যাম্প ন্যুতেই থাকছেন।
মেসি পরিবার নিয়ে ছুটিতে থাকলেও তার প্রতিনিধিরা ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন। নতুন চুক্তি সাক্ষরের জন্য মেসি বার্সায় ফিরবেন, সবকিছু এখন পর্যন্ত ইতিবাচকভাবেই এগোচ্ছে। দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের নতুন চুক্তি হতে যাচ্ছে বলে খবর।
চুক্তি সাক্ষরের এই দেরি নিয়ে বার্সার মধ্যে কোনো উদ্বেগ নেই। সবাই নিশ্চিত যে, মেসি নতুন মৌসুমে বার্সার জার্সিতেই খেলবেন। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা তো বলেই দিয়েছেন, মেসি সব সময় বার্সায় থাকতে চেয়েছেন।
তবে মেসিকে ধরে রাখার জন্য কাতালান ক্লাবটিকে বেতন ব্যয় পুনর্বিন্যাস করতে হবে। এ ছাড়া কিছু খেলোয়াড়কে ছেড়েও দিতে হবে।
মেসির অবশ্য সব সময়ই চাওয়া ছিল শক্তিশালী দল গড়া। তবে করোনাকালে বার্সাকে যে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা মেসির চাহিদা পূরণ করা কঠিন করে তুলেছে।
এরপরও অবশ্য সার্জিও আগুয়েরো, মেম্ফিস ডিপে, এরিক গার্সিয়া এবং এমারসনের সঙ্গে চুক্তির জন্য কৃতিত্ব দিতে হবে বার্সাকে।
