ব্যক্তিগত গাড়িতে সরকারি লোগো ব্যবহার করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার ধলপুর এলাকার আবদুর রহমান নামে ওই ব্যক্তিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হামিদ।
তিনি জানান, লকডাউনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আবদুর রহমান নিজের প্রাইভেট কারে সরকারি লোগো ব্যবহার করেন। প্রাইভেট কার চালিয়ে ওই ব্যক্তি ঢাকার ধলপুর থেকে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন। এক্সপ্রেসওয়েতে পুলিশের চেকপোস্ট পেরিয়ে সকাল ১০টার দিকে শিমুলিয়াঘাটে পৌঁছান তিনি। তবে শেষরক্ষা হয়নি তার। ঘাটে থাকা ভ্রাম্যমাণ আদালতের চোখে ধরা পড়ে যান।
এ সময় ব্যক্তিগত গাড়িতে সরকারি লোগো ব্যবহার করার অপরাধে আবদুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
