মসজিদে নামাজের ইকামত দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সংঘর্ষে ঝিনাইদহে মোদাচ্ছের হোসেন (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পুটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোদাচ্ছের হোসেন সদর উপজেলার পুটিয়া গ্রামের শুকুর হোসেন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে মসজিদে ইকামত দেওয়াকে কেন্দ্র করে মিলন ও জাফর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে মোদাচ্ছের হোসেনসহ বেশ কয়েক জন আহত হন।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছের হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
