বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আলী আশরাফ এমপি

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১২:৩৯ এএম

লাখ লাখ নেতাকর্মীকে কাঁদিয়ে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ডেপুটি স্পিকার ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। শনিবার (৩১ জুলাই) বাদ আসর নিজ বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও চতুর্থ (শেষ) জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে বর্ষীয়াণ এই নেতাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ জুলাই) সকালে তার লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি চান্দিনা উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা কলেজ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা হয়। বাদ জোহর দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা এবং বাদ আসর গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা হয়।

জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসিক কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ। এ সময় তারা অধ্যাপক মো. আলী আশরাফের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং নেতাকর্মীদের প্রতি তার ভালবাসার স্মৃতিচারণ করেন।

তারা বলেন, দীর্ঘ ৬০ বছরের রাজনীতিক জীবনে অধ্যাপক আলী আশরাফ ছিলেন নিবেদিত প্রাণ একজন সৎ, নিষ্ঠাবান ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আজীবন মানুষের সেবা করেছেন তিনি।

শনিবার সকালে চান্দিনা মহিলা কলেজ মাঠে জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন করেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে তার নেতাকর্মীরা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি মু. রুহুল আমিন, সহ-সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড.আহসানুল আলম কিশোর, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহারসহ কুমিল্লা উত্তর জেলা, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া প্রতিটি জানাজাতে অধ্যাপক আলী আশরাফ এমপির ছেলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু তার বাবার স্মৃতিচারণ করে পরিবারের পক্ষে সকলের কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত