অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে শিমুলিয়ায় ৪ লঞ্চকে জরিমানা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০২:৫৮ পিএম

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রীবোঝাই ৪টি লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকালে স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে পৃথক ৪টি লঞ্চকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে দক্ষিণবঙ্গের এ নৌরুটে বাংলাবাজার ঘাট থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই করে কয়েকটি লঞ্চ শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। তাছাড়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথক ৪টি লঞ্চকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এদিকে, ৪ লঞ্চকে জরিমানা করায় লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। পরে সরকারি নির্দেশ অনুযায়ী রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল চালু থাকার ঘোষণা এলে আধা ঘণ্টা পর পুনরায় নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয় দক্ষিণবঙ্গের এ নৌরুটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত