টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট বিলীন হয়ে যায়। এতে হুমকির মুখে পড়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা।
সরেজমিন জানা যায়, গত সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩ নম্বর বেলটিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, আলীপুর মাদ্রাসার তিনটি ঘর, আলীপুর জামে মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে গেছে। ভাঙনের আগে এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটি বেঞ্চ বের করা সম্ভব হয়েছে। এছাড়া আশপাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘চোখের সামনে মুহূর্তের মধ্যে সব বিলীয় হয়ে গেছে। মাদ্রাসা ও মসজিদের সব আসবাব সরানোর মতো সময় পাইনি।’ তিনি ভাঙনরোধে এই এলাকায় একটি স্থায়ী বাঁধের দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘শ্রমিক পাওয়া গেলে দ্রুত সময়েই ভাঙন রোধে কাজ ধরা হবে। জিওব্যাগ ফেলে ওই এলাকার ভাঙন রোধ করা হবে।’
