চাঁদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক, গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:৫৭ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের ‘নাটক’ করে চারজন গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলো ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামের জান্নাত (১৯), নাদিয়া (১৫), আমেনা বেগম (২৩)। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও দুই-তিনজন পলাতক রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে পূর্ব শত্রুতার জেরে সাহাপুরের যুবক বাবুকে ষড়যন্ত্র করে ফাঁসানোর লক্ষ্যে অপহরণের ঘটনা সাজায়। মূলত অপহরণের ঘটনা বিশ্বাসযোগ্য করার জন্য গ্রেপ্তার জান্নাত ও নাদিয়া গত ১ আগস্ট তারেক এবং পলাতক রাব্বির সঙ্গে অপহরণের নাটক পরিকল্পনা করে। সে মতে, জান্নাত ও নাদিয়া গত ২ আগস্ট রাত সাড়ে ১২টায় নিজ ব্যবহৃত মোবাইল ঘরের সামনে ফেলে তারেকের সঙ্গে মোটরসাইকেলযোগে রূপসায় আসে এবং আমেনা বেগমের ঘরে অবস্থান করে স্বর্ণের চেইন, কানের দুল, আংটি লুকিয়ে রেখে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা সাজায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. কুদ্দুস বলেন, আসামি জান্নাত আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার অন্য তিন আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত