গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০১:৫৭ এএম

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ক্রসলাইন নিট ফেব্রিক্স লিমিটেড কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ ৫৮ রাউন্ড শটগান, ২১ রাউন্ড কাঁদানে গ্যাস ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ৮ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই এমদাদুল হক, কনস্টেবল মেহেদী, সাব্বির, আশরাফুল, মারুফ তমাল। আহত আনসার সদস্যরা হলেন মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম, মোহাম্মদ আলী মোল্লা। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।

শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আব্দুল জলিল বলেন, শ্রম আইন ১৩(১) অনুযায়ী কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে নোটিস টানায়। সকাল থেকে কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা জোরপূর্বক কারখানার গেইট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করতে চায়। এসময় শ্রমিকদের বাধা দিলে পুলিশের ওপর তারা হামলা চালায়। এতে পুলিশের আট সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত