জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনীত সর্বশেষ সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পায় গত মার্চে। লকডাউনের আগে পরীমণি সর্বশেষ ‘মুখোশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। ছবিটির কাজ ইতিমধ্যেই শেষ। এদিকে পরীমণির হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’, চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘ অন্তরালে’।
রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমার বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। প্রকাশিত হয়েছে প্রীতিলতার প্রথম লুকও। লুকটি সর্বমহলে প্রশংসিত হয়। ১৭ই আগস্ট থেকে ছবিটির বাকি অংশের শুটিং করার কথা ছিল। তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন পরীমণি।
এদিকে গত বুধবার মাদক মামলায় র্যাবের হাতে পরীমণি আটকের পর থেকে তার হাতে থাকা সিনেমা গুলোর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে চলচ্চিত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকরা।

‘বায়োপিক’ সিনেমার পরিচালক সঞ্জয় সমাদ্দার দেশ রূপান্তরকে বলেন, ‘পরীমণিকে আমরা বায়োপিক সিনেমায় চুক্তিবদ্ধ করেছি। তাকে নিয়েই সব কাজ গোছাচ্ছিলাম। এখন হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। পরীমণিকে নিয়ে কাজ করবো কি করবো না সেটা প্রযোজনা সংস্থার ওপরই নির্ভর করছে।’

ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র সমন্বয়ক সুজন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা পরীমণিকে নিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে একটা ঝামেলায় পরে গেলেন পরীমণি। যেহেতু পরীমণির বিষয়টা আইনগতভাবেই অমীমাংসিত তাই আমরা কিছুদিন অপেক্ষা করব। এদিকে আমাদের সিইও মহোদয়ও এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তিনি এলেই সবকিছু চূড়ান্ত করা হবে। তবে এটুকু জানিয়ে রাখি, পরীমণিকে ছাড়া সিনেমা করা যাবে না এমন কিছু নয়, আবার পরীমণি ঝামেলায় পড়েছেন বলে তাকে বাদ দিবো সেটাও নয়। আর আমাদের সিনেমার শুটিং শুরু করতে করতে আরও দেড় দুই মাস লেগে যাবে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমাদের হাতে প্রচুর সময় আছে। আমরা আপাতত অপেক্ষায় করতে চাই।’
চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’র বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। কারণ পরীমণি ইস্যুতে শুক্রবার চয়নিকা চৌধুরীকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে পরীমণি’র প্রীতিলতা টিম পরীমণির জন্য অপেক্ষা করবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছে। ‘প্রীতিলতা’ ছবির পরিচালক রাশিদ পলাশ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা পরীমণিকে নিয়ে প্রীতিলতার কাজ শুরু করেছিলাম। শুরু থেকেই নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। লোকজনের নানা কথাকে তোয়াক্কা না করেই আমরা পরীমণিকে নিয়েই কাজ চালিয়ে গেছি। প্রায় ৩০ ভাগ কাজ শেষও হয়ে গেছে। সম্প্রতি আমরা প্রীতিলতার যে লুক প্রকাশ করেছি তাতেও পরীমণিকে দেখে সবাই প্রশংসা করেছেন। ১৭ তারিখ থেকে চট্টগ্রামে শুটিংয়ের সব পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। এমন অবস্থায় পরীমণি আটক হলেন। আপাতত শুটিং স্থগিত করেছি। এই অবস্থায় আমরা পরীমণিকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তা করছি না। পরীমণিকে বাদ দিলে প্রযোজক অনেক আর্থিক ক্ষতিরও সম্মুখীন হবেন। এসব আমলে না নিলেও আমরা মূলত পরীমণিকে ছাড়া কাজটা আগাতে চাচ্ছি না। পরীমণি এই টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। ফলে আমরা আমাদের প্রীতিলতা তথা পরীমণির জন্যই অপেক্ষা করব। প্রত্যাশা করছি, শিগগিরই পরীমণি আইনি ঝামেলা সেরে প্রীতিলতার সেটে হাজির হবেন।’
