প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটতে পারছেন বেসবাবা

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০১:৩০ পিএম

দীর্ঘদিন অসুস্থ জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন। বেসবাবা সুমন নামে পরিচিত এ গায়ক সর্বশেষ কয়েক মাস চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে ছিলেন।

অনেক দিন ধরে ক্যানসারসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন তিনি, একাধিকবার ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। এর মাঝে করোনার কারণে দেশের বাইরে যেতে না পারায় বিঘ্ন হয় উচ্চতর চিকিৎসাও। সুযোগ মিলতেই বছরের শুরুর দিকে দেশ ত্যাগ করেন।

রবিবার দুপুরে সুমন জানালেন, চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি। এখন আগের চেয়ে ভালো আছে। তবে সামনে আরও সার্জারি লাগবে।

এখন তিনি দিনে ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারেন বলেও জানালেন।

ফেইসবুকে তিনি লেখেন, “অবশেষে ৫ মাস পর দেশে ফিরলাম। এতটা দীর্ঘ সময় ধরে আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যাথা অনেক কম।”

“আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি। আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে।”

ভক্ত-অনুরাগীসহ স্বজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। পুরো পৃথিবী এখন একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন ভ্যাকসিনটা দিয়ে ফেলেন। নিরাপদে থাকুন।”

অসুস্থতার কারণে অনেক দিন নতুন গানে অনুপস্থিত সুমন। সর্বশেষ গত অক্টোবরে মুক্তি পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে তাকে শোনা গেছে। সে গানটিও কয়েক বছর আগে ধারণ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত