কুমিল্লার তিতাসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রবিবার রাতেই দেশ রূপান্তরের অনলাইনে প্রকাশ করে। ভিডিও ভাইরাল হওয়ার ৫ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ সাগরকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
রবিবার রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়। সাগর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সামসুল ইসলাম ওরফে হাবুল বেপারীর ছেলে।
ফেসবুকে ভাইরাল হওয়া ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, রবিবার বিকেলে অস্ত্রধারী সাগর (৩৫) শাহপুর শান্তির বাজারে সামসুল হুদা নামের এক পল্লি চিকিৎসকের চেম্বারে গিয়ে পিস্তল দেখিয়ে নগদ ৩৯ হাজার টাকা নেয় এবং আরও দুই লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে যায়।
এ ঘটনার পর পল্লি চিকৎসক সামসুল হুদা তার ফেসবুক আইডিতে লাইভে প্রশাসনের সহযোগিতা চেয়ে আর্তনাদ করেন।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান, রবিবার রাতে ফেসবুকে ভিডিওটি প্রকাশের ৪ ঘণ্টার মধ্যে ডিবি পুলিশের সহযোগিতায় ঢাকার মাতুয়াইল এলাকা থেকে সাগরকে আটক করা হয়। তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। তিতাস থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে যা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
