জিতলেই নিশ্চিত হবে শিরোপা- এমন সমীকরণ সামনে রেখে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। দারুণ এক জয়ে শিরোপা উল্লাস করেই মাঠ ছাড়ল দলটি। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হলো অস্কার ব্রুজনের দলের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ২-০ গোলে জয় তুলে নেয় কিংসরা। গোল দুটি করেন দুই ব্রাজিলিয়ান- রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস।
২০ ম্যাচে ৫৫ পয়েন্ট পাওয়া বসুন্ধরা কিংস এখন সবার ধরাছোঁয়ার বাইরে।
২০১৮-১৯ মৌসুমে প্রথমবার প্রিমিয়ার লিগে উঠে এসেই শিরোপা জিতে নেয় বসুন্ধরা। করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুম বাতিল হয়। চলতি মৌসুমে লিগ শিরোপা জিতে তিন বছরে দুটি লিগ জিতল দলটি।
ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে আসার পর বসুন্ধরার এটি টানা ৫ম শিরোপা। দুটি করে লিগ ও ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপ জিতেছে তারা।
