বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা এলাকার দানেশ পাড়ার একটি মসজিদে থাকতেন প্রতিবন্ধী আব্দুল মোনাফ। হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। খাওয়া-দাওয়া করতেন মানুষের বাড়িতে বাড়িতে। পরিবার-পরিজন নেই বললেই চলে। তার এ কষ্টের কথা শুনে এগিয়ে আসে জেলা প্রশাসন, তৈরি করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপহারের টিনশেড ঘর। ঘর আলোকিত করার জন্য ব্যবস্থা করা হয় জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের। পানির জন্য স্থাপন করা হয় নলকূপ। সেই সঙ্গে কর্মসংস্থানের জন্য রাস্তার পাশে তৈরি করে দেওয়া হয়েছে দোকান।
গতকাল বুধবার দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী আব্দুল মোনাফকে ঘর ও দোকানের চাবি হস্তান্তর করেন।
ঘর ও দোকান পেয়ে আব্দুল মোনাফ প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
