বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সব সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে বিজিবি সদস্যদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, রিট পিটিশনারদের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকলো।
এর আগে ২০২০ সালের জুলাই মাসে বিজিবি ১ হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১৯৬ জনের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত বছরের ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে সরকার।
পরে তা চ্যালেঞ্জ করে বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেন, টাঙ্গাইলের সদর উপজেলার বেথবাড়ীর ফজলুল হকসহ ১৯৬ জন পৃথক চারটি রিট করেন।
