জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আসবেন। তাই দীর্ঘ অপেক্ষা ভক্তদের। পরীমণিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে কাশিমপুর কারা ফটকে। তাকে কাশিমপুর কারাগারে নেওয়ার খবরে বিকেল থেকেই সেখানে শত শত মানুষ ভিড় জমায়। এ সময় মানুষের ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশও নিয়োজিত করা হয়। কিন্তু তারপরও কারা ফটকে মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। উৎসুক জনতাদের কেউ কেউ জানান, টিভিতে পরীমণিকে সেখানে নিয়ে যাওয়ার খবর শুনেই পরীমণিকে এক নজর দেখার জন্য বিকেলেই ছুটে আসেন কাশিমপুর কারা ফটকে। শত শত ভক্তের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পালা শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে। ভক্তদের চোখের সামনেই সন্ধ্যা ৭টার দিকে পরীমণিকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারে প্রবেশ করে। প্রিয় নায়িকা কারা ফটক দিয়ে প্রবেশ করলেও গাড়ির ভেতর থাকায় পরীকে দেখতে পায়নি তার ভক্তরা।

গাজীপুরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সন্ধ্যা ৭টার দিকে পরীমণিকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় কারা ফটকে মানুষের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
পরীমণিকে একনজর দেখতে আসা কারখানা শ্রমিক তাহমিনা বলেন, ‘পরীমণির আমি একজন ভক্ত, তার অনেক সিনেমা দেখেছি। কিন্তু, বাস্তবে দেখি নাই। তারে দেখার জন্য সেই ৫টার দিকেই এইহানে আইসা দাঁড়াইছি। কিন্তু গাড়ির ভেতরে থাকায় তাকে দেখতে পারি নাই।’
গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা আলম বলেন, ‘বিকেল থেকেই কারাগারের সামনে অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তারে দেখতে পাইনি। প্রচুর মানুষ আর প্রিজন ভ্যানের ভেতরে থাকায় তাকে দেখা হয়নি।’
কারাগারের সামনে আসা এক বৃদ্ধ জানান, এত দিন তাকে টেলিভিশনে দেখেছি। সামনে থেকে কখনো দেখিনি। শুনেছি তাকে কারাগারে আনা হচ্ছে তাই দেখতে আসলাম। তবে দেখতে পারলাম না।
কারা ফটকে ভিড় জমানো উৎসুক জনতার পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও প্রিজন ভ্যানের ভিতরে পরীমণিকে একনজর দেখার চেষ্টা করেন। তবে তাকে কেউ দেখতে পারেনি। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা সাতটার দিকে দ্রুত গতিতে পুলিশের কড়া প্রহরায় প্রধান কারা ফটক দিয়ে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে।

পুলিশ জানায়, পরীমণিকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার আদালত থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে ওই কারাগারে নেয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমণিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরীমণিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আলোচিত নায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
শুক্রবার দুপুরে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১০ আগস্ট দুপুরে চার দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব। এ ঘটনায় পরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যাব বাদী হয়ে একটি মামলা করে।
