পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী!

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৩:৪৮ পিএম

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে দেশটির একটি নিউজ পোর্টালের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় ক্ষমতাসীন জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন মুহিউদ্দিন। এ কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

খবর সত্যি হলে মুহিউদ্দিনের ১৭ মাসের অস্থিরতাপূর্ণ শাসনকালের সমাপ্তি ঘটবে। তার পদত্যাগ মালয়েশিয়াকে নতুন করে অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে।

দেশটিতে করোনার সংক্রমণ বাড়ছে; দেশটির অর্থনীতির অবস্থাও ভালো নয়। পরবর্তী সরকার কে গঠন করবেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। কারণ, কোনো আইনপ্রণেতারই পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই।

করোনা মহামারীর মধ্যে মালয়েশিয়ায় নতুন করে নির্বাচন হবে কি না, তা নিশ্চিত নয়। পরবর্তীকালে মালয়েশিয়ায় ঠিক কী হবে, তা নির্ভর করছে রাজা আল-সুলতান আবদুল্লাহর সিদ্ধান্তের ওপর।

পার্লামেন্ট স্থগিতের প্রতিবাদ ও প্রধানমন্ত্রী মুহিউদ্দিন পদত্যাগ দাবি করে আসছেন দেশটির দুই প্রভাবশালী রাজনীতিক মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম।

পার্লামেন্ট ভবনে কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন, এমন কথা বলে সম্প্রতি অধিবেশন স্থগিত করা হয়। তবে বিরোধীদের অভিযোগ, অনাস্থা ভোট ঠেকাতেই পার্লামেন্ট স্থগিত করা হয়েছে।

অবশ্য গত শুক্রবার মুহিউদ্দিন নিজেই স্বীকার করেন, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত