জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকেলে গরিব-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন।
পঞ্চগড় বিজিবি ব্যাটালিয়নের সীমান্ত ক্যানটিন চত্বরে ও ময়নাগুড়ি সীমান্ত ফাঁড়ি চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান। এ সময় সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় ২০০ জনকে চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু ও সাবান বিতরণ করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুসহ নিহতদের পরিবারের সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধুর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
