বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মন্ত্রীরা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর গুডবুকে থাকতে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মুক্তিযুদ্ধ, ১৫ ও ২১ আগস্ট নিয়ে তাদের নির্লজ্জ মিথ্যাচার গোয়েবলসকেও হার মানাচ্ছে।
এমরান সালেহ বলেন, সরকার দেশ পরিচালনা ও করোনা মোকাবিলায় চরমভাবে ব্যর্থ হয়ে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যাচার করছে।
জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন ফকিরের মৃত্যুতে রবিবার ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভায় তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজত্ব করেছে। তারা গণতন্ত্রকে তালাবন্দী করে দেশে তালাতন্ত্র কায়েম করেছে।
এ সময় মরহুম জয়নাল আবেদীন ফকিরের জীবন থেকে সকলকে শিক্ষা নিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
এছাড়া এমরান সালেহ আজ হালুয়াঘাট ও ধোবাউড়া বিএনপির করোনা হেল্প সেলের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রদত্ত দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
