মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিতের বিরুদ্ধে মানববন্ধন করতে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামবাসী। গতকাল রবিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মানববন্ধনে অংশ নেওয়া মান্দারতলা গ্রামের বশির উদ্দিন ও আলী আহম্মদ বলেন, মান্দারতলা গ্রামের ইয়সিন শেখ সম্প্রতি একই উপজেলার সাফলগাছা গ্রামের সামসুন নাহারের কাছ থেকে প্রতি শতাংশ ৭৫ হাজার টাকা দরে ৬ শতাংশ জমি ক্রয় করেন। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত ওই জমি প্রতি শতাংশ ৩০ হাজার টাকা দরে কিনতে চেয়েছিলেন। কিন্তু তার কাছে জমি বিক্রি না করায় ক্ষুব্ধ হন। গত শুক্রবার ইয়াসিন শেখ জমিতে বালু ফেলতে গেলে মুহিত ও তার লোকজন ইয়াসিন এবং সামসুন নাহারের স্বামী আলিয়ারকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করতে গেলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রমেশ ম-লের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ছাত্রলীগের বাধার মুখে আয়োজকরা পরে মাগুরা প্রেস ক্লাব করিডোরে মানববন্ধন করে এবং পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি দেয়।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত বলেন, ‘জমিটা আমার কাছে বিক্রির কথা বলা হয়েছিল। আমিও নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলাম। যারা জমি ক্রয় করেছে তাদের সঙ্গে কোনো মারামারি বা কথাকাটাকাটি হয়নি। ছাত্রলীগকেও আমি মানববন্ধন ঠেকানোর ব্যাপারে বলিনি।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রমেশ বলেন, ‘কলেজ থেকে বাসায় ফেরার পথে চৌরঙ্গী মোড়ে জটলা দেখে দাঁড়াই। সেখানে মানববন্ধন নিয়ে এলাকার দুই গ্রুপের মধ্যে ঝামেলা হচ্ছিল। ব্যানার কেড়ে নেওয়ার সঙ্গে আমি জড়িত নই।’
শ্রীপুর থানার ওসি সুখদেব রায় বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
