হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল

ক্যানসার চিকিৎসায় চালু অনকোলজি ডে-কেয়ার সেন্টার

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৩:১৫ এএম

ক্যানসার রোগীদের চিকিৎসাসেবায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চালু হয়েছে অনকোলজি ডে-কেয়ার সেন্টার। গতকাল সোমবার রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে এ সেবা উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  অনকোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন।

এ সময় ক্যানসার চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে জটিলতা এড়ানো যায়। অর্থাৎ ক্যানসার পুরোপুরিভাবে প্রতিরোধ করা না গেলেও এর ঝুঁকির কারণগুলো জানা থাকলে আমরা সচেতন হতে সক্ষম হব। ফলে এর ঝুঁকি থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারব। মানসম্মত সেবা ভবিষ্যতে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমাবে।

এ বিষয়ে হেলথ অ্যান্ড হোপের পরিচালক ডা. লেলিন চৌধুরী বলেন, হাসপাতালটির দ্বিতীয় তলায় এ বিভাগ চালু করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  অনকোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের নেতৃত্বে একদল ক্যানসার বিশেষজ্ঞ এখানে চিকিৎসা সহায়তা করবেন। প্রতিদিন ৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। সকালে ভর্তি হলে বিকেলেই তাদের ছেড়ে দেওয়া হবে।  উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাটোলজি বিভাগের অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান রুম্মন, ডা. তুষার দাস, ডা. সারওয়ার ইবনে সালাম, ডা. শহীদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত