দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বরিশাল, ঝিনাইদহ ও নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল : বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে করা মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে ‘বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র উদ্যোগে বেলা ১১টার নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহ : সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ঝিনাইদহ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ সময় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, এম সাইফুল মাবুদ, আজাদ রহমান, দোলোয়ার কবির, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, কে এম সালেহ, শাহানুর আলম, শামীমুল ইসলাম শামীম, শেখ রুহুল আমিন, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু প্রমুখ।
নোয়াখালী : দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএমএসএফ জেলা শাখার যুগ্ম সম্পাদক এ.আর আজাদ সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সম্পাদক জামাল হোসেন বিষাদসহ, আকবর হোসেন সোহাগ, আবু নাছের মঞ্জু, সোহাগ আরেফিন প্রমুখ।
