৫৩ বছর পর কেনেডির হত্যাকারীকে মুক্তি দেওয়া হচ্ছে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৮:২৮ পিএম

১৯৬৮ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া রবার্ট এফ কেনেডির হত্যাকারী সিরহান সিরহানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য ভোট দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি প্যারোল বোর্ড।

লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে বক্তৃতার পর সামনের দিক থেকে গুলি করে কেনেডিকে হত্যা করার দায়ে সিরহান সিরহান ৫৩ বছরের কারাদণ্ড ভোগ করেছেন। যেই হত্যাকাণ্ডের ফলে বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে গিয়েছিল বলে কথিত আছে।

তিনি আর এখন মার্কিন জনগণের জন্য হুমকি নয় বলেই এই ভোট দেওয়া হয়েছে। তবে তার মানে এই নয় যে, তিনি স্বাধীনভাবে চলবেন সেই নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

প্যারোল বোর্ডের ভোটের পর তার মুক্তির বিষয়টি এখন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ডেমোক্র্যাট নেতা গ্যাভিন এখন স্থানীয় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ভোটের সময় প্যারোল কমিশনারকে কেনেডির হত্যাকারী সিরহান বলেন, “অর্ধশতক পার হয়ে গেছে। আমিও আর সেই ২৪ বছর বয়সী অবুঝ যুবকটি নেই”।

ঘাতক সিরহান বলেন, “সিনেটর রবার্ট এফ কেনেডি ছিলেন বিশ্বের আশা-ভরসা এবং আমি বিশ্বকে আহত করেছি, এবং আমি তাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করেছি। আমি এমন একটা ভয়ানক কাজ করেছি তা অনুভব করতে পেরে আমার কষ্ট হচ্ছে”। অ্যাসোসিয়েটেড প্রেস ছিল একমাত্র সংবাদ সংস্থা যাদেরকে ওই প্যারোল শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

লস এঞ্জেলেসের স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয় বলেছে যে, তারা তার মুক্তির বিরোধিতা করবে না।

৭৭ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত এই ঘাতককে এবার ১৬তম বারের মতো প্যারোলে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

গ্রেফতারের পর সিরহান বলেছিলেন, সিনেটর রবার্ট এফ কেনেডি ইসরায়েলে মার্কিন সহায়তার জন্য ওকালতি করেছিলেন। আর এ কারণেই তার উপর হামলা চালিয়েছিলেন সিরহান। পরে তিনি বলেছিলেন, হামলার কোনো স্মৃতি আর তাঁর মাথায় নেই।

কেনেডির দুই সন্তান তাদের পিতার হত্যাকারীকে মুক্ত করার জন্য প্যারোল বোর্ডের কাছে আবেদন করার পর বোর্ডের এই সিদ্ধান্ত আসল।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, রবার্ট এফ কেনেডির ছেলে ডগলাস কেনেডি বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, যে কোনো বন্দীকে, যারা নিজেদের বা বিশ্বের জন্য হুমকি নয়, তাদেরকে মুক্তি দেওয়া উচিত”।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত