অস্ট্রেলিয়ান ইউটিউবার ব্রোডি মস সমুদ্রে প্যাডেল বোর্ডিং করতে গিয়ে বিশাল একটি সামুদ্রিক সাপের কবলে পড়েন। দুই দিন আগে তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিওটি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে যে, সাপটি সাঁতার কাটতে কাটতে তার প্যাডেল বোর্ডের কাছে এসে অদ্ভুত সাহসী আচরণ করছে। সামুদ্রিক সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলে। তবে তারা বছরের এই সময়টাতে “যৌন হতাশায় ভোগে এবং সম্ভাব্য আক্রমণাত্মক” হয়ে ওঠে।
ভীতিকর তবে আকর্ষণীয় ভিডিওটি শেয়ার করার সময় মস লিখেছিলেন, “সমুদ্রের সাপ সাধারণত মানুষকে এড়িয়ে যায়। কিন্তু বছরের এই সময় তারা খুব সক্রিয়, যৌন হতাশ এবং সম্ভাব্য আক্রমণাত্মক হয়ে ওঠে এবং যৌন মিলনের জন্য সঙ্গীর সন্ধান করতে থাকে”।
এই ইউটিউবার আরো বলেন যে, তার ভিডিওতে দেখা যাওয়া সাপটি সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল এবং পানির নিচে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তাকে অনুসরণ করেছিল। ভিডিওতে দেখা যায় সাপটি এমনকি প্যাডেল বোর্ডে মাথা রেখে কিছুক্ষণ ঘুরে ঘুরে সাঁতারও কাটে।
শেয়ার করার দুই দিনের মধ্যেই ভিডিওটি ইনস্টাগ্রামে প্রায় ১০ লাখ বার দেখা হয়। ভিডিওটি টুইটারের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে মাত্র দুই দিনে ভিডিওটি প্রায় ৫ কোটিবার দেখা হয়েছে।
কোরাল রিফ সাপ নামে পরিচিত সামুদ্রিক সাপগুলি বেশিরভাগ সময় পানিতে থাকে। এখন পর্যন্ত আবিষ্কৃত বেশিরভাগ সামুদ্রিক সাপ ভয়ঙ্করভাবে বিষাক্ত।
