চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুবকে অবরুদ্ধ করে রেখেছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিতাড়িত করবেন- উপাচার্য এমন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আন্দোলনরত কর্মচারীরা উপাচার্য ও রেজিস্ট্রারের দপ্তরের ফটকে তালা লাগিয়ে দেন।
এ ঘটনায় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ আছেন।
এ বিষয়ে আন্দোলনকারী কর্মচারী রফিক বলেন, ‘জুলাই মাস থেকে আমরা বেতন বঞ্চিত। ভিসি স্যার বলেছেন, বিশ্ববিদ্যালয় ফান্ডে টাকা নাই; তিনি বেতন দিতে পারবেন না।’
তিনি বলেন, ‘জুন-জুলাইয়ে বাজেট শুরু; এখনই যদি ফান্ডে টাকা না থাকে তাহলে এটা আপত্তিজনক কথাবার্তা। আমরা একটা আন্দোলনে ছিলাম, তিনি আশ্বাস দিয়ে কথা রাখেননি। এখন তিনি বেতন নিয়ে নয়-ছয় করবেন। আমাদের নিয়ে তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই।’
এই কর্মচারীর অভিযোগ করে বলেন, ‘তিনি (ভিসি স্যার) আরও বলেছেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিতাড়িত করবেন। এসব কথা আপত্তিকর, আমরা শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য কাজ করি।’
এ বিষয়ে বশেমুরবিপ্রবি ভিসি একিউএম মাহবুব বলেন, ‘এদের কোনো বৈধতা নাই। আগের ভিসি ও ঘরের কিছু লোক আছে, তারা বাণিজ্য করে ঢুকিয়েছে।’
তিনি বলেন, ‘তারা অবৈধ, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। তাদের কোনো কাগজপত্রও নেই। আমরা বিষয়টি ইউজিসিতে জানিয়েছি। এখানে আমার কিছু করার নেই।’
