২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছরের মে মাসে তারা বিচ্ছেদের কথা জানান। এদিকে বৃহস্পতিবার আবারও বিয়ে করলেন অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান।
অপূর্ব ও শাম্মার বিয়ে নিয়ে নানারকম গুজব ভেসে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, তাদের ভেতর চার বছরের পরকীয়ার সম্পর্কও ছিল। এসব তথ্য ইতিমধ্যেই নজরে এসেছে অপূর্বর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, এসব তথ্য ও মন্তব্যগুলো অসত্য ও ভিত্তিহীন।
ফেসবুকে ভেরিফায়েড পেইজে অপূর্ব লিখেন, ‘আমার সমস্ত ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের আমি আনন্দের সাথে জানাচ্ছি, আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান, আমার স্ত্রী, তাকে নিয়েই আমার এই যাত্রা। আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার এবং শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন।’
নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, ‘আমার এবং আয়াশের মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সাথে আলাপেও গেছি। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি। তবে আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভকামনায় রাখবেন। ভালোবাসা রইল…’
