শেহনাজ গিলের কোলে মাথা রেখেই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। মুম্বাইয়ের কিছু সংবাদমাধ্যম এ খবর জানালেও তৈরি হয়েছে প্রশ্ন।
অভিনেতা ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরেন সিদ্ধার্থ। শরীর ভালো লাগছিল না অভিনেতার। তার মা ও শেহনাজ দুজনেই সে সময় বাড়িতেই ছিলেন।
প্রথমে লেবুর শরবত ও পরে সিদ্ধার্থকে আইসক্রিম খেতে দেন তারা। কিন্তু তা কাজে লাগে না। অস্বস্তি বাড়তে থাকে ক্রমশ।
এর পর শেহনাজ ও মা তাকে আরাম করতে বলেন। কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। শেহনাজকে পাশে থাকতে বলেন ‘বিগ বস’ তারকা। পিঠে হাত বুলিয়ে দিতে বলেন। শেহনাজ তাই করতে থাকেন। শেহনাজের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ। ঘুমিয়ে পড়েন অভিনেত্রীও।
সকাল সাতটা নাগাদ ঘুম থেকে ওঠে শেহনাজ দেখেন ঠিক একই রকমভাবে ‘ঘুমিয়ে’ আছেন সিদ্ধার্থ। তিনি ডাকতেই বুঝতে পারেন, সিদ্ধার্থ সাড়া দিচ্ছেন না। ভয় পেয়ে পরিবারের বাকিদের ডাকতে ছুটে যান তিনি। ফোন করা হয় চিকিৎসককেও। তিনি এসেই বুঝতে পারেন সিদ্ধার্থ নেই। নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে জানা যায়, শুটের মাঝপথেই সিদ্ধার্থের খবর পেয়ে ছুটে আসেন শেহনাজ। কিন্তু সাম্প্রতিক আপডেট বলছে, বৃহস্পতিবার ওই খারাপ খবর নিশ্চিত হওয়ার পরেই যাবতীয় শুট বাতিল করেন অভিনেত্রী। তিনি যে ভালো নেই, সে কথা বারবারই জানাচ্ছেন শেহনাজের বাবাও।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শেহনাজ বারবার বলছে বাবা ও আমার হাতে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে… আমি এবার কীভাবে বাঁচব…।” অভিনেতার বন্ধু রাহুল মহাজনও শেহনাজের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন তিনি ফ্যাকাশে হয়ে গিয়েছেন। যেন হঠাৎ কোনো ঝড় এসে তার সবটুকু কেড়ে নিয়েছে।
তবে মৃত্যুর রাতে আদপে সিদ্ধার্থের বাড়িতে ছিলেন কিনা সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থায় শেহনাজ নেই।
‘বিগবস ১৩’-তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই অনুষ্ঠানে সিদ্ধার্থ ও শেহনাজের রসায়ন পছন্দ করেছিলে দর্শক। যদিও প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তারা। তবুও অনুরাগীরা তাদের ভালোবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে গানচিত্রে অভিনয় করেছেন তারা।
এ দিকে প্রকাশ্যে এসেছে সিদ্ধার্থর ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে জানানো হয়েছে তার দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদ্রোগেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ভিসেরা পরীক্ষার রিপোর্ট আসেনি।
সিদ্ধার্থ ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক করেছিলেন। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।
